জামালপুরের বেসরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের জন্য শতাধিক দরিদ্র মানুষের ঘরবাড়ি ভেঙে জবরদখল করে বালু দিয়ে ভরাট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের নাওভাঙ্গাচরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। ২০১৯ সালে ব্রহ্মপুত্র নদের পাড়ে নাওভাঙ্গাচর এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
দখল করা জমি ফেরত, ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর শহরের ফৌজদারি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন হয়। এতে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেন।
