সাতক্ষীরা খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকা থেকে হাসানুর রহমান (৩০) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পল্লীচিকিৎসক তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামের মৃত অজিয়ার সরদারের ছেলে।
তালা উপজেলার সেনাবাহিনীর দ্বায়িত্বরত মেজর কামরুল হাসান জানান, ভোরে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় স্থানীয় জনতা। পরে লাশ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার জানান, সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে গেছে। বিষয়টি তিনি তালা থানা পুলিশকে জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
