রাসেলের পর বিপিএল থেকে নাম সরিয়ে নিলো শেখ জামাল

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পর আসন্ন মৌসুম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড। বুধবার দুপুরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ইমেইলের মাধ্যমে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তিনবারের লিগ চ্যাম্পিয়নরা।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে সঙ্গেই দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ সমর্থিত সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনার দুই ভাইয়ের নামে দুই ক্লাবে দেখা দেয় ফুটবল দল গঠন নিয়ে অনিশ্চয়তা। 

নেতৃত্বহীনতায় ভুগতে থাকা দুটি ক্লাবের মধ্যে শেখ রাসেল আগেই আগামী মৌসুমে না খেলার সিদ্ধান্ত জানায় বাফুফেকে। দলবদল শেষ হওয়ার একদিন আগে শেখ জামাল একই সিদ্ধান্ত নেওয়ায় অনেক ফুটবলারের ক্যারিয়ার এখন হুমকির মুখে।

দল না পেয়ে শেষ পর্যন্ত একটি বড় সংখ্যক ফুটবলারকে থাকতে হবে বেকার। ইমরান বলেন, 'আজ (বুধবার) দুপুরের পরে আমর শেখ জামালের কাছ থেকে চিঠি পাই। এর আগ পর্যন্ত আমরাও তাদের অনেকবার অনুরোধ করেছি দল গড়তে। তবে তারা চিঠিতে দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত