জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকে নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন' এর ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা, 'অতিথি পাখি, মানি না-মানবো না', 'জবি থেকে ভিসি, দিতে হবে, দিতে হবে' এসব স্লোগান দিতে থাকেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী স্বর্ণা রিয়া বলেন, ‘আমরা চাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি হোক। কিন্তু কোনো দলীয় শিক্ষক আমরা চাই না। দলীয় শিক্ষক উপাচার্য হলে তিনি পরবর্তীতে দলের এজেন্ডা বাস্তবায়ন করবে এটা আমরা মেনে নিবো না।’
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘বিগত কয়েক বছর ধরেই উপাচার্য নিয়োগের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বারবার বলে আসছে ৭০০ জন শিক্ষকের মধ্যে অধ্যাপক আছেন ১৫০ জন। এর মধ্যে গ্রেড-১ প্রফেসর ৪০ জন আছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ডেপুটেশনে অন্য জায়গায় গিয়ে দায়িত্ব পালন করছেন তাহলে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ারও যোগ্যতা রাখেন তারা। আমাদের শিক্ষার্থীরা এ নিয়ে হীনমন্যতায ভোগে।’
ইতিহাস বিভাগের শিক্ষক ড. বিলাল হোসাইন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থী আর ৭০০ শিক্ষক সকলে এই দাবির সঙ্গে একমত। আমরা আমাদের দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও চলছে। শিক্ষার্থীরা স্ব প্রণোদিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে।
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী