আরও ৮ হত্যা মামলা

শেখ হাসিনার সঙ্গে আসামি খায়রুল হক মুনতাসীর মামুন

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৬:৫৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের সময়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতনদের বিরুদ্ধে আরও আটটি মামলা করা হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার ঢাকার পৃথক চার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হলে বিচারকরা অভিযোগগুলো এজাহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দেন। আর ঢাকার বাইরে সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত সময়ে বাকি তিনটি মামলা করা হয় থানায়। এসব মামলায় শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং লেখক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনকেও আসামি করা হয়েছে। 

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও তিনটি অভিযোগ জমা পড়েছে। এতে শেখ হাসিনাসহ ১৪-দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের আসামি করা হয়েছে।

প্রবল গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কয়েকশ মানুষ নিহত হয়। এসব ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে আদালত এবং থানায় ৩২টি হত্যা মামলা হলো।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও সহিংসতা এবং এর আগের কয়েক বছরের রাজনৈতিক বিভিন্ন সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় হত্যাসহ আরও ছয়টি মামলা হয়েছে। যাতে আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মী, দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) এবং পুলিশ সদস্যসহ ১ হাজার ৮৭৩ জনকে জনকে আসামি করা হয়েছে।

কবি নজরুল কলেজ শিক্ষার্থী হত্যা মামলা : কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনা ও অধ্যাপক মুনতাসীর মামুনসহ ৪৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। নিহতের বড় ভাই মো. তারিকুল ইসলাম গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ মামলার আবেদন করেন। বিচারক অভিযোগকারীর জবানবন্দি নিয়ে তেজগাঁও থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদী অভিযোগ করেন, আন্দোলন চলাকালে তৌহিদুল গত ৪ আগস্ট ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করছিলেন। সে সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে পুলিশ গুলি করলে তিনি গুরুতর আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুরে ফিরোজ তালুকদার হত্যা মামলা : রাজধানীর মিরপুরে র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ফিরোজ তালুকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের স্ত্রী রেশমা সুলতানা গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে এ মামলার আবেদন করেন। বিচারক শুনানি নিয়ে মিরপুর মডেল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদী অভিযোগ করেন, ‘খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালে শেখ হাসিনার নির্দেশে অন্যসব আইনজীবী তথা অ্যামিকাস কিউরিদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেন। তার সেই রায় দেশে অঘোষিত স্বৈরতন্ত্র কায়েম করে শেখ হাসিনা ও তার দোসরদের যথেচ্ছভাবে রাষ্ট্রক্ষমতা প্রয়োগের সুযোগ করে দেয়। শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আসামিদের নির্দেশে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ কিছু বিপথগামী সদস্য, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশব্যাপী আন্দোলন দমনের জন্য ছাত্র-জনতার উদ্দেশ্যে গুলি করতে থাকে। ১৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ফিরোজ তালুকদার মিরপুর-১০ গোলচত্বর পার হওয়ার সময় র‌্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।’

রামপুরায় রাসেল মিয়া হত্যা মামলা : রাজধানীর রামপুরা এলাকায় গত ১৯ জুলাই বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়া গুলিতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে শেখ হাসিনাসহ ২৮ জনকে আসামি করে এ মামলাটি করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। শুনানি নিয়ে বিচারক রামপুরা থানার ওসিকে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে আদেশ দেন।

লক্ষ্মীবাজারে ফায়দি হত্যা মামলায় আসামি ৩৪ জন : পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এলেম আল ফায়দি নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ মামলার আবেদন করা হয়। আবেদনটি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সামসুল আরেফিন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

সিলেটে শেখ হাসিনা, রেহানাসহ ৮৭ জনের নামে মামলা : শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ৮৭ জনের বিরুদ্ধে সিলেটে একটি হত্যা মামলা হয়েছে। গতকাল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর আম্বরখানার বাসিন্দা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এ মামলার আবেদন করেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল গফফার। তিনি বলেন, ‘আদালতের বিচারক সুমন ভূঁইয়া আবেদনটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’

গাজীপুরে যুবক নূর আলম হত্যা মামলা : গাজীপুরে আন্দোলন চলাকালে নূর আলম (২২) নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৩০ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মামলাটি রেকর্ড হয়। মামলার বাদী নিহতের বাবা মো. আমির আলী (৪৪)।

নারায়ণগঞ্জে দুই মামলা : নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গত ১৯ জুলাই গুলিতে আবুল হোসেন মিজি নামে এক বাসচালক নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল বিকেলে নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে মামলাটি করেন। এ ছাড়া জেলার রূপগঞ্জে গুলিতে দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় আরেকটি মামলা করা হয়েছে। গতকাল নিহত রোমানের খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন।

মানবতাবিরোধী অপরাধের আরও তিন অভিযোগ : শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গতকাল আরও তিনটি অভিযোগ জমা পড়ে। এতে শেখ হাসিনাসহ ১৪-দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রীকে আসামি করা হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাতটি অভিযোগ দাখিল করা হলো। গতকাল জমা পড়া অভিযোগগুলোর মধ্যে গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে গুলিতে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেনের পক্ষে একটি অভিযোগ জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

গত ১৮ জুলাই মিরপুরে নিহত এইচএসসির শিক্ষার্থী শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মো. আবদুল মতিনের পক্ষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছে। এতে শেখ হাসিনা ছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জেপির সভাপতি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নাম উল্লেখ করা হয়েছে।

আর গত ১৯ জুলাই মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাকের পক্ষে গতকাল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা দেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। এতে শেখ হাসিনাসহ ১৪-দলীয় জোটের শরিক দলের নেতা, সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নিজস্ব ও আদালত প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের দেওয়া তথ্যে প্রতিবেদনটি তৈরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত