সাংবাদিক দম্পতি শাকিল-রুপা ৪ দিনের রিমান্ডে

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম

হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, এই দুই সাংবাদিক নানাভাবে উসকানি দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল ৮টায় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিম উদ্দিন মোড়ের ডাচ বাংলা এটিএম বুথের সামনে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। সেখানে ফজুললসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন।

এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরার এই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত