ফতুল্লায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৭৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা 

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮০ জনকে। বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত ফয়সালের পিতা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী সোহরাব মিয়া জানান, গত ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হয় ফয়সাল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা। পরবর্তীতে ঢাকা মেডিকেলে তার লাশ শনাক্ত করে পরিবারের সদস্যরা।

এর আগে ২১ আগস্ট বুধবার ফতুল্লা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী-এমপিসহ ৮০ জনের নাম উল্লেখ করে আরও ২০০-২৫০ জনের নামে আরও একটি মামলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত