‘প্রিয়তমা’ সিনেমার পর ‘বরবাদ’ নামে নতুন আরেকটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা মেহেদী হাসান হৃদয়। এটি হবে তার প্রথম সিনেমা।
এদিকে আগস্টে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনই পরিচালক কথা বলতে নারাজ। শোনা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান। মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে। ঢাকার সিনেমা হলেও দুই বাংলা থেকেই শিল্পী-কলাকুশলীরা থাকছেন এই ছবিতে। গান থাকছে চারটি। এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসে ছবিসংশ্লিষ্ট সবার ভিসার জন্য আবেদন করা হয়েছে। ছবির বাকি শিল্পীদের নাম কিছুদিনের মধ্যে পরিচালক নিজ থেকেই জানাবেন বলেই খবর। ‘বরবাদ’ ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজেরই। ছবিতে মিশা সওদাগরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে আসছে সেপ্টেম্বরে মুক্তির কথা ছিল শাকিব খানের আরেক সিনেমা ‘দরদ’। ৬ সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেটি আবারও পিছিয়েছে। এই মুহূর্তে দেশের চলমান পরিস্থিতিতে সিনেমা মুক্তির চেয়ে মানুষের জীবন বাঁচানোকেই বড় করে দেখছেন বলে জানান।
