নগদের ব্যবসা আরও প্রসারের চেষ্টা করব : প্রশাসক

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৪৩ এএম

নগদ বন্ধ করতে নয়, বরং প্রতিষ্ঠানটির যাতে আরও উন্নতি হয়, তার জন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে সদ্য প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। গতকাল বৃহস্পতিবার নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগদ নিয়ে করা সব অপপ্রচার বন্ধ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়াই তার এবং তার সহযোগীদের লক্ষ্য। এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ, যুগ্ম পরিচালক পলাশ ম-ল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপপরিচালক মো. আইয়ুব খানকেও প্রশাসকের সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে ডাক বিভাগের এই ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসে ডাক বিভাগের তিনজন কর্মকর্তাকে নগদ অফিসে পদায়ন করা হয়েছে। গতকাল সকালে কর্মকর্তারা তাদের দায়িত্ব বুঝে নেন।

সংবাদ সম্মেলনে প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘আমরা সম্প্রতি দেখছিলাম, ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ সম্পর্কে কিছু গুজব ছড়িয়ে পড়েছে। নগদ সাড়ে ৯ কোটি গ্রাহকের বিশাল একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি গুজবে ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সব ধরনের গুজব শেষ করে গ্রাহকের আস্থা আরও বাড়াতে এসেছি। বাংলাদেশ ব্যাংক নগদ বন্ধ করতে আসেনি। আমরা নগদকে আরও এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে এসেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত