অতীত নিয়ে ভাবতে চান না জাবি

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৪৬ এএম

জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন নিজেদের ইতিহাসে সেরা মৌসুমে কাটিয়েছে গেলবার। অপরাজিত থেকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জেতে বুন্দেসলিগা। জার্মান কাপও জেতে তারা। ইউরোপা লিগের ফাইনালে উঠে হয়েছিল রানার্সআপ। নতুন মৌসুমের শুরুটাও দারুণ করেছে জাবি আলোনসোর দল। সুপার কাপে টাইব্রেকারে হারিয়েছে স্টুটগার্টকে। এবার বুন্দেসলিগা ধরে রাখার মিশনে নামছে লেভারকুসেন।

আজ থেকে শুরু হচ্ছে বুন্দেসলিগার ২০২৪-২৫ মৌসুম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে জার্মান লিগই সবার শেষে শুরু হচ্ছে। প্রথম দিনেই বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। লেভারকুসেন কি পারবে শিরোপা ধরে রাখতে। সেটির উত্তর পেতে অবশ্য এখনো ঢের সময় বাকি। আলোনসো বলেন, ‘বুন্দেসলিগায় আবারও খেলতে আমরা মুখিয়ে আছি। অতীত সবসময়ই অতীত। সামনে কী হতে পারে আমরা শুধু তাই নিয়ে কথা বলতে পারি। আমরা জানি সব ম্যাচই কঠিন।’ বায়ার্ন মিউনিখ বাদে সবশেষ জার্মান লিগের শিরোপা ধরে রাখতে পেরেছিল বরুসিয়া ডর্টমুন্ড ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুম)।

গেল মৌসুমের লিগ বা জার্মান কাপ জয় যে কোনো অঘটন ছিল না সেটিই এবার প্রমাণ করতে চায় লেভারকুসেন।

টানা ১১ বছর লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর গেল মৌসুমে শিরোপা হাতছাড়া হয় বায়ার্ন মিউনিখের। জার্মান লিগের সবচেয়ে সফল দলটি নতুন মৌসুমে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী রবিবার ভলফসবুর্গের মাঠে। তার আগে শনিবার বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে আতিথেয়তা দেবে ফ্রাঙ্কফুর্টকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত