পাকিস্তানে 'এ' দলের ম্যাচ ড্র

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম

পাকিস্তানে 'এ' দলের ম্যাচ প্রথম দুদিন বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় ফল ছিল নির্ধারিতই। হয়েছেও তাই। ইসলামাবাদের ক্লাব ক্রিকেটের মাঠে দ্বিতীয় চারদিনের ম্যাচটিও হয়েছে ড্র। তবে বিপিএল মাতানো জাকের আলী অনিকের প্রথম শ্রেণিতে ক্যারিয়ারসেরা ১৭২ রানের ইনিংস ও সাইফ হাসানের সেঞ্চুরিই বাংলাদেশ 'এ' দলের প্রাপ্তি।

শাহিনসের বিপক্ষে আগের দিনই দারুণ সেঞ্চুরিতে দিন নিজের করে নিয়েছিলেন জাকের। আজ ছিল সেই নৈপুণ্যের ওপর আরেক দফা প্রাপ্তির প্রলেপ দেওয়ার। ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শুরু করা জাকেরের সঙ্গী বলতে ছিলেন না তেমন কেউ। তানজিম সাকিব ও তাসকিন আহমেদকে ফিরিয়ে দিয়েছিলেন আবরার আহমেদ। ইনিংস টেনে নেওয়ার পুরো দায়িত্ব তাই নিজের কাঁধেই তুলে নেন। তাই দ্রুতই দলের সঙ্গে নিজের রানটুকুও বাড়াতে থাকেন জাকের। শেষমেশ তিনিও যখন আবরারের শিকার বনেন ততক্ষণে ক্যারিয়ারসেরা রান পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছেন।

ম্যাচসেরা হন জাকের আলী অনিক।

২৮৬ বলের ইনিংসটিতে ১৭টি চার ও ৫ ছক্কায় ১৭২ রান করেন জাকের। ৯ উইকেটে ৪০৪ রান তোলার পর ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ 'এ'। আবরার আহমেদের ঝুলিতে জমে ৪ উইকেট।

দ্বিতীয় টেস্টের দলে থাকা তাসকিনের জন্য এ ম্যাচটি লাল বলে নিজেকে প্রস্তুত করার। শুরুটাও করে উড়ন্ত। প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইমাম-উল-হককে। এর পর আর বাকি সময়ে উইকেটের সাক্ষাৎ পাননি তিনি।

উল্টো শাহিনসের উদ্বোধনী ব্যাটার আলি জারইয়াব তুলে নেন ১৩২ বলে ১৭ চার ও ১ ছ্ক্কায় ১১৭ রানের ইনিংস খেলে রিটায়ার করেন। শারুন সিরাজ অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। ৪ উইকেটে ২৮১ রান তোলার পর দিনের খেলা শেষ হলে ড্র-তেই নিষ্পত্তি হয় ম্যাচের ভাগ্য।

দুদলের প্রথম ম্যাচটিও ড্র হয়েছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত