পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করতে বদ্ধপরিকর। এজন্য এই অঞ্চলের সবাইকে ভাই ভাই হিসেবে বসবাস করার পরামর্শ দিয়ে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। নতুন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে দুজন প্রতিনিধিও রাখা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এ ছাড়া জেলা পরিষদগুলোতে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে দক্ষ নেতৃত্বের পাশাপাশি এগুলোকে আরও ক্ষমতায়ন করার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম, খাগড়াছড়ির সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্ব দেওয়ান প্রমুখ।
