রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে হাফিজ (১৮) নামে এক এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আকাশ আহমেদ (১৭) নামে আরেক শিক্ষার্থী। হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন। আর আকাশ মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৮টায় হাফিজকে মৃত ঘোষণা করেন।
আহত আকাশ জানান, তারা থাকেন পশ্চিম রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিং এলাকায়। দেশের বন্যা দুর্গতদের সহায়তার জন্য তারা ফান্ড কালেকশন করছিলেন। সে জন্য সন্ধ্যায় জাহাজ বিল্ডিংয়ের পাশে চায়ের দোকানে বসে কয়েকজন মিলে আলোচনা করছিলেন। তখন হঠাৎ ৫-৬ জন এসে অতর্কিত তাদের ওপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। তবে কোন কারণে তাদের ওপর এই হামলা করেছে সে বিষয়ে কেউ কিছু জানেন না বলে দাবি করেছে বন্ধুরা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাফিজের পা, কোমরসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে। আর আকাশের পাজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফের ৪ দিনের রিমান্ডে দীপু মনি
সালমান-আনিসুল-জিয়াউল ফের ৫ দিনের রিমান্ডে