পানিতে ডুবে মৃত্যু সম্পর্কে যা বলে ইসলাম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:৩০ এএম

মৃত্যু অবধারিত। আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারবে না। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ‘প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আনকাবুত ৫৭) আমাদের সবার মৃত্যু হবে, এটা যেমন নির্ধারিত, তেমন প্রত্যেকের মৃত্যুর সময়ও নির্ধারিত। প্রত্যেকের নির্ধারিত সময়েই মৃত্যু হবে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেন, ‘আর প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে। যখন তাদের সময় আসবে, তখন তারা সামান্য সময় দেরিও করতে পারবে না, এগিয়েও আনতে পারবে না।’ (সুরা আরাফ ৩৪)

বিভিন্নভাবে মানুষের মৃত্যু হয়ে থাকে। কেউ বৃদ্ধ হওয়ার পর মারা যায়, কেউ মারা যায় অল্প বয়সে। কারও মৃত্যু স্বাভাবিকভাবে হয়, কারও অস্বাভাবিকভাবে। কারও এমন মৃত্যুও হয়, আপন মানুষ দাফন করার আগে শেষ দেখার সুযোগটুকুও পায় না। এটা যে কত কষ্টের ও বেদনার, সেই পরিস্থিতিতে না পড়লে তা বোঝা যায় না। দেশের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়ে গেছে। বন্যার পানিতে অনেক মানুষ মারা গেছে। তাদের কারও কারও স্বজনরা দাফন করার আগে দেখতেও পারেনি, লাশ কোথায় ভাসিয়ে নিয়ে গেছে পানি, সেটা জানতেও পারেনি। এমন মৃত ব্যক্তির জন্য হাদিসে রয়েছে ঈর্ষণীয় মর্যাদা। আর তার স্বজনদের জন্য রয়েছে হৃদয় ঠাণ্ডা করার মতো সান্ত্বনা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পানিতে ডুবে, কলেরায়, প্লেগ ও ভূমিধসে বা চাপা পড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ।’ (সহিহ বুখারি)

আরেক হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাবার সূত্রে বর্ণনা করেন, ‘হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাবা জাবেরকে রোগশয্যায় দেখতে গেলেন। তার কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, জাবের! আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হবে। তখন হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা একদমই অল্প। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, যে নারী গর্ভে সন্তান নিয়ে মৃত্যুবরণ করে, সেও শহীদ।’ (সুনানে আবু দাউদ)

ভয়ংকর বন্যায় পানিতে ডুবে যাদের স্বজনরা মারা গেছে, তাদের মনে রাখতে হবে, তাদের স্বজনরা শহীদ হয়েছে। তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। আর চলমান বন্যায় পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের সব সদস্যকে মহান আল্লাহ ধৈর্য ধরার তওফিক দান করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত