চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মরগাং গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. নাজমুল (২৮), একই গ্রামের ভুলু মিয়ার ছেলে মো. রিয়াজ (২৮), নুরুল হুদার ছেলে মো. দুলাল (২৭) এবং রাজা মিয়ার ছেলে মো. জামশেদ। (২৪)।
রায় ঘোষণার সময় আদালতে দুলাল ছাড়া বাকি তিন আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৯ সালের ১ আগস্ট জোরারগঞ্জ মরগাং গ্রামের বাড়িতে জোরপূর্বক ঘরে ঢুকে তিন আসামির সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ করে নাজমুল।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। তদন্ত শেষে ২০২০ সালের ১৬ জানুয়ারি চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
সূত্রটি জানায়, রাষ্ট্রপক্ষে মোট ৮ জনের সাক্ষ্যে দোষী সাব্যস্ত হলে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই রায়ে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
