বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) কমিটি স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ড্যাব বিএসএমএমইউ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার শাখার সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশীদ জানান, দলের উপর মহল থেকে বিএসএমএমইউ ড্যাব শাখার কার্যক্রম বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই আপাতত কমিটির কার্যক্রম স্থগিত করে তাদের কার্যক্রম খতিয়ে দেখব।
এ ব্যাপারে ড্যাব বিএসএমএমইউ শাখার মহাসচিব ডা. শেখ ফরহাদ দেশ রূপান্তরকে বলেন, ড্যাবের ব্যানারে কেউ যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের করে নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও চাই ড্যাবের নামে কেউ যেন কোন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। কারণ ড্যাবের বহিষ্কৃত একটি পক্ষ বিশৃঙ্খলার মধ্য দিয়ে ড্যাবের সুনাম ক্ষুন্ন করতে চাইছে, আমরা সেটি হতে দেব না।
ইনু ৭ ও মেনন ৬ দিনের রিমান্ডে