দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মনসুর আহমেদ এবং গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেন।
দুদকের তথ্য অনুযায়ী, সাবেক এমপি ডা. মনসুর রহমানের নির্বাচনী হলফনামা অনুযায়ী বার্ষিক আয় ছয় গুণের বেশি বেড়েছে। এ ছাড়া তার সম্পদের পরিমাণ ২০০ গুণ বেড়েছে। শিক্ষকতা, শেয়ার ও চাকরি থেকে বার্ষিক আয় দেখালেও তার সম্পদ বৃদ্ধির বিষয়টি অস্বাভাবিক বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে নামে-বেনামে কয়েকশ বিঘা জমি ক্রয়, নিজ উপজেলায় প্রশাসনিক ভবনের কাছে দেড় কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণসহ ১১ ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনেক দিন ধরেই তার বিরুদ্ধে ১৭ ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে অনুসন্ধান করতে হাইকোর্টে রিট করা হয়েছিল।
