সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের আটক নিয়ে ধূম্রজাল

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:৪৫ এএম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ গতকাল রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এর সত্যতা নিশ্চিত করেননি। ফলে তাকে আটকের বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়। যাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে তাকে আটকের কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়েছিলেন, সেখানেও তাকে আটকের কোনো তথ্য মেলেনি।

সপ্তাহ দুয়েক আগে মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এক চিঠিতে ব্যাংকগুলোকে এ দুজনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত