টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামলেই কেমন যেন বদলে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবিয়ানরা এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ধোলাই করে ছাড়ল। শেষ ম্যাচে ডার্কওয়ার্থ লুইস মেথডে ৮ উইকেটের বিশাল জয়ে তারা তিন ম্যাচ সিরিজ জিতল ৩-০ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন রোমারিও শেপার্ড। সিরিজসেরা হয়েছেন শেই হোপ।
মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। প্রোটিয়াদের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ৯.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের ব্যাটিং শুরু থেকেই ভালো হয়নি। মাঝে অধিনায়ক এইডেন মার্করাম আর ট্রিস্টান স্টাবসের ২৫ বলে ৩৮ আর শেষে স্টাবসের সঙ্গে স্মিথের ১৮ বলে ৪০ রানের জুটি প্রোটিয়াদের এই স্কোর এনে দেয়। মার্করাম করেন ১২ বলে ২০ আর স্টাবস ১৫ বলে ৫ চার ৩ ছক্কায় ৪০ রান করেন। বল হাতে ১৪ রানে ২ উইকেট নেন রোমারিও শেপার্ড।
রান তাড়ায় দলীয় ২ রানেই অলিক আথনাজেকে (১) হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর মাত্র ২০ বলে ৫৮ রানের বিধ্বংসী জুটি গড়েন শেই হোপ আর নিকোলাস পুরান। দুজনের মাঝে হোপ ২৪ বলে ১ চার ৪ ছক্কায় অপরাজিত ৪২ আর পুরান ১৩ বলে ২ চার ৪ ছক্কায করেন ৩৫ রান। তৃতীয় উইকেটে ৩৩ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন হোপ আর শিমরন হেটমায়ার। ৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ার অপরাজিত থাকেন ১৭ বলে ৪ চার ১ ছক্কায় ৩১ রানে।
‘শামি আমার জীবন নষ্ট করেছে, ওকে সমর্থন করেছে সৌরভ’
অভিষিক্ত দানি ওলমোর গোলে বার্সার টানা তৃতীয় জয়