ঘরের মাঠে বাংলাদেশের কাছে ১০ উইকেটে রাওয়ালপিন্ডি টেস্টে হারের পর পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে এখন ঝড় বইছে। যেকোনো দল মিলিয়ে সেটাই ছিল ঘরের মাঠে তাদের প্রথম ১০ উইকেটে পরাজয়। আগামী ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের আগে তাই স্কোয়াডে পরিবর্তন আনল পাকিস্তান। প্রথম টেস্টে সুযোগ না পাওয়া তিন ক্রিকেটারকে ফেরানো হলো স্কোয়াডে।
প্রথম টেস্টের দলে না থাকা স্পিনার আবরার আহমেদ, ব্যাটসম্যান কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে দলে ফিরিয়েছে পাকিস্তান। আবরার ও কামরান দুজনকে প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে ‘এ’ দলে নেওয়া হয়েছিল। তারা বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলেছেন। আর চোটের কারণে বাইরে ছিলেন আমের জামাল। তার সিরিজ শেষ হওয়ার শঙ্কা দেখা দিলেও ফের দলে ফেরানো হয়েছে।
পিঠের চোটে ভোগা জামালকে দলে ফেরানো হলেও দ্বিতীয় টেস্টে তার খেলা নির্ভর করবে ফিটনেসের ওপর। এদিকে প্রথম টেস্ট শেষে ছুটি নিয়েছিলেন সদ্য বাবা হওয়া শাহিন আফ্রিদি। তিনিও দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রথম টেস্টে পাকিস্তান একাদশে কোনো স্পিনার ছিল না, যে কারণে তাদের ভুগতে হয়েছে। অন্যদিকে স্পিনেই বাজিমাত করেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় টেস্টে আবরারকে খেলাতে পারে পাকিস্তান।
দ্বিতীয় টেস্টের পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।
ফ্রি কিকে রেকর্ড গড়ে রোনালদো বললেন ‘এটা কেবল শুরু’
শান্তর মাস্টারপ্ল্যানের ফাঁদে পড়েন বাবর আজম