সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফলে হস্তক্ষেপের মামলায় নতুন অভিযোগ এনেছেন দেশটির প্রসিকিউটররা। নতুন এই অভিযোগে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে বুধবার এই নতুন অভিযোগ দায়ের করেন।
এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে নতুন এই অভিযোগ আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে কিছুটা সুবিধা দিতে পারে।
২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছের হারের পর ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ চারটি অভিযোগ আনা হয়। চলতি বছরের ১ জুলাই সেই মামলা থেকে ট্রাম্পকে দায়মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন বলে রায় দিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত। নতুন ‘সংশোধিত’ অভিযোগে সেই চারটি অভিযোগই রয়েছে।
নিজের বিরুদ্ধে আনা নির্বাচনে হস্তক্ষেপসহ যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। উল্টো তথ্য-প্রমাণাদি ছাড়াই ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির দাবি বজায় রেখেছেন এই রিপাবলিকান। নতুন এই অভিযোগ দায়েরের পরপরই এর কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এটিকে নির্বাচন থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি অবিলম্বে এসব অভিযোগ বাতিল করার আহ্বান জানান ট্রাম্প। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য জ্যাক স্মিথ একই মামলা নতুন করে উপস্থাপন করেছেন বলে অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। তবে অভিযোগ দায়ের করা হলেও আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে এই মামলার শুনানির সম্ভাবনা খুব একটা নেই। ফলে নির্বাচনের আগে নতুন এই অভিযোগ নিয়ে ট্রাম্পকে খুব একটা ঝামেলায় পড়তে হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। কিন্তু দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বিরুদ্ধে নতুন এই অভিযোগ আসন্ন নির্বাচনে ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে। এমনকি নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের থেকে পিছিয়ে দিতে পারে ট্রাম্পকে। পাশাপাশি নিরপেক্ষ ভোটারদের একটি বড় অংশ রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হার মানতে পারেননি ট্রাম্প ও তার সমর্থকরা। জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণার দিন ২০২১ সালের ৬ জানুয়ারি দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। অভিযোগ রয়েছে, হামলার ঘটনায় ট্রাম্পের ইন্ধন ছিল।
