৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:১৬ এএম

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ ছাড়া ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে গত ১৩ আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই সময়ের আগে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ বাতিল করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৩ আগস্ট স্মারকে নিয়োগপ্রাপ্ত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলপূর্ব রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত সলিসিটর অনুবিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলপূর্বক দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত