আদালতে অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কঠোর নিরাপত্তায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতে আনা হয়। তাদের রাখা হয় আদালতের পাশের হাজতখানায়। সকাল ৭টার দিকে দুজনকে আদালতে তোলা হয়। এরপর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে এক যুবককে গুলি করে হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ভোরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল ভোর ৬টার দিকে কড়া নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালত প্রাঙ্গণে আনা হয়। এর কারণ হিসেবে জানা যায়, এই কয়েক দিন আদালতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীদের হাজির করার সময় নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। আদালতের আইনশৃঙ্খলা রক্ষা এবং অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো এবং মামলায় পক্ষভুক্ত না হয়েও শুনানিতে অংশ নেওয়া বন্ধ করতে বিকল্প পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। শুনানির একপর্যায়ে আনিসুল হক কিছু বলতে চাইলে আদালত অনুমতি দেয়। আনিসুল হক বলেন, তিনি নির্দোষ। তিনি এবং সালমান এফ রহমান ছাত্রদের কোটা আন্দোলনের পক্ষে ছিলেন।
গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুজনকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউ মার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এই দুজন গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত ২০ দিনের রিমান্ড শেষ হয়েছে।
সাদেক-জিয়াউল আবারও রিমান্ডে : ২৪ আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে আওয়ামী লীগদলীয় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার করা হয়। পরদিন মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদাবরে পোশাকশ্রমিক হত্যা মামলায় গতকাল দ্বিতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউ মার্কেট থানার একটি মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২৪ আগস্ট লালবাগ ও নিউ মার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় পাঁচ দিন করে তার আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারও দুই দফায় ১৮ দিন রিমান্ড শেষ হয়েছে। গতকাল তৃতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
