বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠক করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। এ সময় বিএনপির পক্ষ থেকে রাশিয়ার রাষ্ট্রদূতকে জানানো হয়, দলটি কোনো বিশেষ দেশ বা আলাদাভাবে কাউকে দেখে না। বরং সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী। বাংলাদেশের মানুষের সঙ্গে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘পর্যটন খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া একটি বিশাল দেশ। সেখানে ট্যুরিজমের সুযোগ আছে। তারা এখানে বোধহয় একটা অফিসও খুলতে চাচ্ছে। ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি।’
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, ইতিমধ্যে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে, শিগগিরই অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে। আমরা বলেছি, আমরা এই অন্তর্বর্তী সরকারকে এবং তাদের কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলো যে রিফর্মগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।’
আমীর খসরু আরও বলেন, ‘বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রেখে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভানটেইজগুলো আছে, সেগুলোর সুযোগ নিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য শামা ওবায়েদ।
