নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। এর প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। এর মধ্যেই নিহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্র্তৃপক্ষের তিনটি ফোনালাপ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ। হাসপাতাল থেকে করা ওই ফোনে জরুরিভাবে তাদের হাসপাতালে যেতে বলা হয়। ফোনকলের রেকর্ডগুলো ফাঁসের ঘটনা নতুন করে সাড়া ফেলেছে।
গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দলবদ্ধ ধর্ষণের পর এক নারী চিকিৎসককে হত্যার ঘটনা ঘটে। এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন হাসপাতাল থেকে নিহত চিকিৎসকের বাড়িতে তিনটি ফোন করা হয়। প্রথম ফোনালাপে ওই চিকিৎসকের শরীর খারাপের কথা জানিয়ে স্বজনদের দ্রুত হাসপাতালে আসতে বলা হয়। দ্বিতীয় ফোনটি করা হয় হাসপাতালের সহকারী প্রধানের নামে। সেবারও চিকিৎসকের পরিবারের সদস্যদের দ্রুত হাসপাতালে যেতে বলা হয়।
