রাজধানীর হাজারীবাগে ছুরির আঘাতে ইফতিয়ার হোসেন ইমন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণকটুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে হামলার শিকার হন ইমন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত সোয়া ৯টার দিকে মৃত্যু হয় তার।
নিহত ইমন পরিবারের সদস্যদের সঙ্গে গণকটুলি মসজিদ গলিতে থাকতেন। তার বাবার নাম মো. ইউসুফ। ইমন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
ইমনের বন্ধু মো. জাহিদ হোসেন বলেন, সন্ধ্যায় গণকটুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় একই এলাকার রাফিন নামে এক ছোট ভাইকে একটি বিষয়ে ‘শাসন করেন’ ইমন। পরে রাফিনের পক্ষ হয়ে সানজু (২২) নামে এক যুবক সেখানে হাজির হয়। তখন তার সঙ্গে কথা কাটাকাটি হয় ইমনের। একপর্যায়ে সানজু বাসা থেকে ছুরি নিয়ে এসে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
বাবা মো. ইউসুফ জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে ইমন ছিলেন বড়। চাকরি করতেন নেসলে বাংলাদেশ লিমিটেডে। পাশাপাশি হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন। সন্ধ্যায় জানতে পারেন, ইমনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
