পুঁজিবাজারে অনিয়ম-দুর্নীতির তদন্তে এসইসির কমিটি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ এএম

পুঁজিবাজারের বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতি অনুসন্ধানে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি আস্থা ফেরাতে গতকাল পাঁচ সদস্যের একটি ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ গঠন করেছে এসইসি। গতকাল রবিবার এসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানি বেক্সিমকো লিমিটেডের বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইস্তিসনা ও আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যু-সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত করবে। এ ছাড়া বেস্ট হোল্ডিংস, সোনালি পেপার, রিং শাইন টেক্সটাইল, ফরচুন সুজ, একমি পেস্টিসাইডস, আল আমিন কেমিক্যাল ও কোয়েস্ট বিডিসি লিমিটেড, কপারটেক ও এমারেল্ড অয়েল কোম্পানির বিভিন্ন অনিয়ম তদন্ত করবে।

সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির আইপিও, সেকেন্ডারি বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার কারসাজির পাশাপাশি ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ড কিংবা এসএমই মার্কেটে পুনঃতালিকাভুক্ত নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এমন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বর্তমানের পুনর্গঠিত কমিশন।

গতকাল এসইসির জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে এতদসংক্রান্ত আইন ও বিধিবিধানের আলোকে অনুসন্ধান ও তদন্ত করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৭ক-এর প্রদত্ত ক্ষমতাবলে যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পরামর্শক জিয়া ইউ আহমেদের নেতৃতে পাঁচ ব্যক্তির সমন্বয়ে একটি ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন আর্থিক খাত বিশেষজ্ঞ ইয়াওয়ার সাইদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. শফিকুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. জিশান হায়দার ও এসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ অনুসন্ধান ও তদন্ত কমিটি প্রথম ধাপে ৬০ দিবসের মধ্যে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে। কমিশন প্রয়োজনবোধে অনুসন্ধান ও তদন্ত কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিশন অনুসন্ধান ও তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

গঠিত তদন্ত কমিটি বেস্ট হোল্ডিংস লিমিটেড-সংক্রান্ত আইপিও অনুমোদন ও ইস্যু-সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত। আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ-সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, ব্লক মার্কেটে শেয়ার অধিগ্রহণ-সংক্রান্ত কারসাজি এবং ওটিসি থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য এসইসি কর্তৃক আরোপিত শর্তসমূহ পরিপালনের হালনাগাদ তথ্যাদিসহ যাবতীয় বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করবে।

সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড-সংক্রান্ত পুঁজিবাজারে যাবতীয় অনিয়ম ও কারসাজি এবং ২০২০ সালে কোম্পানিটিকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বোর্ডে পুনরায় তালিকাভুক্তকরণ-সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির শেয়ার মূল্য অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের ও প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করবে কমিটি। ফরচুন সুজ লিমিটেড-সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের ও প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে অনুসন্ধান এবং তদন্ত করে প্রতিবেদন দেবে কমিটি।

রিং শাইন টেক্সটাইল লিমিটেডের প্রাইভেট ও পাবলিক অফারের মাধ্যমে মূলধন উত্তোলন ও বার্ষিক আর্থিক প্রতিবেদন অতিরঞ্জিত করে বিক্রয় বেশি দেখানো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ স্থানান্তর/পাচার বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ছাড়া একমি পেস্টিসাইডস লিমিটেড-সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত অনিয়ম এবং আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে ন্যাশনাল ফাইন্যান্সের ঋণ পরিশোধের অনিয়ম খতিয়ে দেখবে। কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড) ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করা হবে। এ ছাড়া এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার অধিগ্রহণ/হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহ, সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এ-সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজির বিষয়ে অনুসন্ধান করবে কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত