বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতায় আহত কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মো. আশিক বাবু (২৪)। গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশিক উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের মো. চাঁদ মিয়ার ছেলে। সে পাঁচপীর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আশিকের চাচাতো ভাই মো. রেজাউল বলেন, আশিক মা-বাবার বড় ছেলে। গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে মাথায় আঘাত পান। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। রবিবার দুপুর দেড়টার সময় আশিক মারা গেছেন। আশিকের হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি চায় তার পরিবার।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি মো. মাসুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়েছি, তবে এখনো কাগজপত্র পাইনি।
