দুইদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের (আউটডোর) কার্যক্রম শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে দুই ঘণ্টা চলে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি। এরপর চিকিৎসকেরা বহির্বিভাগসহ অন্যান্য বিভাগে কাজে যোগ দেন।
এর আগে সোমবার হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম আংশিক চালুর ঘোষণা দেন আন্দোলনকারী চিকিৎসকরা। সোমবার বিকেলে হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ।
সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যু চিকিৎসকের অবহেলায় ঘটেছে এমন অভিযোগে ঢামেকের অপারেশন থিয়েটারে হামলা চালায় তাঁর সহপাঠীরা। এতে সময় আহত হন নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের।
এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যান ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে সারা দেশে চিকিৎসা না দিতে কমপ্লিট কমপ্লিট শাট ডাউনের ঘোষণাও দেন তারা। চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন শত শত রোগী।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম শুরু হয়। আর চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীসহ বিপুল আনসার সদস্যকে।
ঢাকা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এরই মধ্যে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে বিইউবিটির এক শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এছাড়াও আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে।
