চিকিৎসককে চেম্বার থেকে তুলে নিয়ে অপহরণ

সাবেক ওসি প্রদীপসহ ৬জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

৯ বছর আগে চাঁদা না পেয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক চিকিৎসককে চেম্বার থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৬ জনের নামে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিচারক কাজী সহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে রাউজান থানাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক জাহাঙ্গীর আলম।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ওই চিকিৎসক মামলার আবেদন করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- রাউজান থানার তৎকালীন এসআই টোটন মজুমদার, পাইওনিয়ার হসপিটালের চেয়ারম্যান ডা. ফজল করিম ওরফে বাবুল, পাইওনিয়ার হসপিটালের পরিচালক মনজুর হোসেন, রাউজান থানার সাবেক এসআই শাফায়েত আহমদ, পাইওনিয়ারের সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৫ এপ্রিল দুপুর ১২টার দিকে রাউজান উপজেলা নোয়াপাড়া পথেরহাটে বাদীর (চিকিৎসক জাহাঙ্গীর আলম) পরিচালিত প্রাইভেট  চেম্বারে অ্যাপোলো ডায়াগনস্টিক  সেন্টারে রোগী দেখছিলেন। এ সময় তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ, এসআই টোটন মজুমদার, এসআই শাফায়েত আহমদ তার চেম্বারে ঢুকে বিএনপির কমিটিতে নাম থাকায় তাকে অপহরণ করে ক্রসফায়ারের হুমকি দেন। অন্যথায় বাঁচতে চাইলে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর জোরপূর্বক তুলে থানায় নিয়ে যাওয়া হয়।  চিকিৎসকের মাথায় পিস্তল রেখে প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। এরপর ২০১৫ সালে ৪ এপ্রিল একটি মিথ্যা মামলা সাজায় আসামিরা। তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ আসামি পাইওনিয়ার হসপিটালের চেয়ারম্যান ডা. ফজল করিম ওরফে বাবুল সহায়তায় ওই মিথ্যা মামলার চার্জশিট দিয়ে মামলার বিচার নিষ্পত্তির জন্য ২০১৫ সালের ১৮ জুন সংশ্লিষ্ট গ্রাম আদালতে পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত