নেত্রকোণার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত শহীদুল ইসলাম উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের লাউখাই গ্রামের মৃত হযরত আলী ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বাজারের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা শহীদুল ইসলামকে কুপিয়ে বৈয়রাটি গ্রামের রাস্তার পাশে ফেলে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদুল।
নিহত শহীদুলের বোন সবিতা বলেন, ‘জলশুকা গ্রামের আজিজুলের ভাই আমিরুল আমার ভাইকে হত্যা করেছে। ১০-১৫ দিন আগে শহীদুল তার বোন জামাই মোস্তফাকে জেল থেকে জামিনে আনার চেষ্টা করে। আমিরুল এ নিয়ে শহীদুলকে বিভিন্নভাবে হত্যা করার হুমকি দেয়। গতকাল রাতে মোস্তফার জামিন হয় এবং তার পরপরই শহীদুলকে হত্যা করা হয়।’
নিহতের বাবা হযরত আলী জানান, ‘গতকাল রাত সাড়ে বারোটার দিকে পথচারীরা শহীদুলের সাইকেল ও জুতো রাস্তায় পড়ে থাকার খবর জানায়। এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে বৈয়রাটি গ্রামে রক্তাক্ত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ বুধবার সকালে মারা যায় শহীদুল ইসলাম।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, শুনেছি শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছাত্র আন্দোলন দমাতে যে নির্দেশনা দিয়েছিলেন রিয়াজ
নানা বাড়ি বেড়াতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
কবে পদত্যাগ করবেন প্রশ্নে সিইসি বললেন, ‘বৃহস্পতিবার জানাব’
নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, চুপ ছিলেন মামুন