ফুটবলারদের নিবেদনে খুশি কাবরেরা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

চলতি বছর বাংলাদেশ জাতীয় দল জয়ের দেখা না পাওয়ায় কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ শঙ্কায় পড়ে গিয়েছিল। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের চার ম্যাচেই হারতে হয়েছিল তার দলকে। শেষ পর্যন্ত জয়ের অপেক্ষা ঘুচেছে। ভুটানকে তাদের মাটিতে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

দুই মৌসুমের বিরতিতে প্রস্তুতির ঘাটতি ছিল, ছিল শত ভাগ ম্যাচ ফিটনেস নিয়ে শঙ্কা। এর সঙ্গে যোগ হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর উচ্চতার সমস্যা। সব প্রতিকূলতা পেছনে ফেলে ফুটবলাররা পরিকল্পনা অনুযায়ী খেলে এনে দিয়েছে জয়। তাই ভীষণ খুশি কাবরেরা। অন্যদিকে সুযোগ সন্ধানী গোলকে দলকে জিতিয়ে সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন শেখ মোরসালিন।

দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ জিতলে র‌্যাংকিং ও রেটিং পয়েন্টে উন্নতি ঘটবে বাংলাদেশের। র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতলে আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে মিলবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ।

সেই লক্ষ্যর অর্ধেকটা পূরণ হওয়ায় তৃপ্ত কাবরেরা বলেন, 'জয়টা যেটা মোটেই সহজ ছিল না। ছেলেরা প্রায় তিন মাস পর খেলায় ফিরেছে। আগামী বছর আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আছে। তার আগে আমরা চেয়েছিলাম জয়ের অভ্যাস গড়ে তুলতে। তাই জয়ে অবশ্যই খুশি।'

পঞ্চম মিনিটে ধারার বিপরীতে গোল পাওয়ায় ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ, 'আমরা সত্যি ভাগ্যবান যে খেলার একেবারে শুরুতেই গোল পেয়ে যাই। এরপর থেকে আমাদের বেশ ভুগতে হয়েছে। বিশেষ করে পরের ২০-২৫ মিনিট। তবে সেই পরিস্থিতি ছেলেরা দারুণভাবে মোকাবিলা করেছে। ওদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট কারণ মাত্র ৬-৭টি সেশন পেয়েছি ওদের একসঙ্গে। দুই মৌসুমের বিরতিতে তারা খেলার মধ্যে ছিল না। তারপরও তাদের নিবেদনে ঘাটতি ছিল না বলেই আমি খুব খুশি।'

রবিবার দ্বিতীয় ম্যাচটা আরও কঠিন হবে অনুমান করে কাবরেরা বলেন, 'পরের ম্যাচে হয়তো আমাকে কিছু পরিবর্তন করতে হবে। কারণ ছেলেরা খুব ক্লান্ত। রিকভারির সময়ও খুব কম। রাকিব (হোসেন) ব্যথা পেয়েছে। নিশ্চিত নই অল্প সময়ে ও সুস্থ হতে পারবে কীনা। তাই কিছু পরিবর্তন করতেই হবে। আমার মনে হয় দ্বিতীয় ম্যাচটি এই ম্যাচের চেয়ে কঠিন হবে।'

শেখ মোরসালিনকে দিয়ে গোলটা করিয়েছিলেন গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়া রাকিব। ম্যাচ শেষে মোরসালিন তাই আলাদা করে বলেছেন আক্রমণ সঙ্গীর কথা, 'গোল করে খুব ভালো লাগছে। একার পক্ষে গোল করা সম্ভব ছিল না। তাই গোলটা দলের সকলকে উৎসর্গ করছি। রাকিব ভাইয়ের অ্যাসিস্টটা ভালো করেছেন। উনি আমাকেই দিতে চেয়েছিলেন। পরে গোলকিপার আমার কাছে দিয়ে দেন।'

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত