ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পরিষদ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় ইসলামী ব্যাংকের দৈনন্দিন স্থিতি ইতিবাচক হওয়ায় গভর্নর সন্তোষ প্রকাশ করেছেন।
ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এখন থেকে ইসলামী ব্যাংকের ঋণপত্র খোলাসহ ব্যবসা পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কোনো বিধিনিষেধ থাকছে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি আমানতকারীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সুরক্ষিত আছে। চাহিদা পূরণের জন্য ইসলামী ব্যাংকের নিজস্ব ফান্ডই যথেষ্ট। তবে প্রয়োজন হলে তারল্য সহায়তায় বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সভা শেষে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের বিরাজমান সুবিধা নিয়ে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেছে। বিজ্ঞপ্তি
