বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। ক্ষমা পাওয়াদের ১৪ জন গতকাল শনিবার দেশে ফেরত এসেছেন।
তাদের মধ্যে ১২ জন এয়ার আরাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। শারজাহ থেকে আসা ফ্লাইটে একজন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটে ১১ জন শাহ আমানত বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন। রাত সাড়ে ৮টার দিকে আরও দুজন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের পরিচালক দেবব্রত রায়।
এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। তাদের মধ্যে ১৪ বাংলাদেশি সন্ধ্যায় দেশে ফিরছেন।
গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল ৫৭ জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা আমিরাতের প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন।
