শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের ৭২ ঘণ্টার কর্মবিরতির আল্টিমেটাম প্রত্যাহার করেছেন চিকিৎসক ও কর্মচারীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তুলাসার এলাকার শারমিন নামের এক রোগীর স্বজনরা। এতে এক চিকিৎসকসহ অন্তত ৪ জন আহত হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলার ঘটনায় কর্মবিরতির পাশাপাশি ৫ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান। পরে প্রশাসনের আশ্বাসে ২৪ ঘণ্টা কর্মবিরতির পর রবিবার সকালে চিকিৎসাসেবা চালু করে কর্তৃপক্ষ। তবে ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না হলে পরবর্তীতে কর্মসূচির ঘোষণা দেয়ার কথা জানান তারা।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ‘গতকাল কিছু দুর্বৃত্ত আমাদের হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া বর্হিবিভাগ ও আন্তঃবিভাগ বন্ধ রাখা হয়। পরবর্তীতে থানায় মামলা হলে পুলিশ সুপার ও জেলা প্রশাসক আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ২৪ ঘণ্টা পর হাসপাতালের সকল কার্যক্রম চালু করা হয়। আমরা তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি, যদি আসামিদের এই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিব।’
