বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।
সভায় তারেক রহমান বলেন, জনগণের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি।
সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে জনসভায় আর বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আমিনুল ইসলাম, ডাক্তার শহিদুল আলম, সাবেক এমপি-কাজী আলাউদ্দিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা।
