হোমনায় নৌকাডুবিতে ২ স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ এএম

 

কুমিল্লা হোমনায় নৌকাডুবিতে সামিয়া (১২) ও সামিয়া আক্তার (১২) নামে দুই স্কুলছাত্রী মারা গেছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে রামকৃষ্ণপুর কানাই শাহ ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে ও সামিয়া আক্তার একই গ্রামেরর গোলাম মোস্তফার মেয়ে। তারা উভয়ই রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল ৪টায় রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয় ছুটি হলে নৌকাযোগে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজকান্দির ৩০-৩২ জন ছাত্রছাত্রীসহ সাধারণ যাত্রী নিয়ে কানাই লাল সাহার বাড়িসংলগ্ন খেয়াঘাট থেকে একটি নৌকা ছেড়ে যায়। চরলহনীয়া গ্রামের কাছাকাছি গেলে ঢেউয়ের ঝাপটায় নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার কেটে তীরে ওঠে। দুজনকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোমনা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত