বাংলাদেশের কোনো আশা দেখছেন না সৌরভ গাঙ্গুলী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ এএম

পাকিস্তানে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের টাইগারদের মিশন এখন ভারত সফর। আগামী ১৫ সেপ্টেম্বর তাদের ভারতে যাওয়ার কথা। নিঃসন্দেহে পাকিস্তানকে হারানোর পরে আত্মবিশ্বাস অনেক বেড়েছে নাজমুল হোসেন শান্তদের। কিন্তু ভারতকে তাদের ঘরের মাটিতে হারিয়ে দেওয়া সহজ কাজ নয়। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তো বাংলাদেশের কোনো আশাই দেখছেন না। 

সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো সহজ নয়। তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না। ভারতই সিরিজ জিতবে। তবে যেহেতু পাকিস্তানকে তাদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই তাদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।’ 

ভারতীয় দলে এখন দুর্দান্ত সব পেসার আছে। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল স্পিন আক্রমণেই জোর দেবে বলে মনে করছেন সৌরভ। কারণ প্রথম টেস্ট চেন্নাইয়ে, যেখানকার উইকেট স্পিন সহায়ক। সৌরভ বলেন, ‘চেন্নাইয়ে স্পিনাররা সুবিধা পাবে। ওখানে বাউন্স বেশি। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চার জন স্পিনার। তাই তাদের বিপক্ষে খেলা সহজ হবে না। ভারতের মাটিতে তারাই সবচেয়ে বড় অস্ত্র।’ 

পাকিস্তান ক্রিকেটের সমস্যা নিয়ে সৌরভের বক্তব্য, ‘আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাইদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু তারা তো আর এখন জেতাতে পারবে না। প্রতিটি প্রজন্মে ভালো ক্রিকেটার প্রয়োজন। কিন্তু ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপর বাংলাদেশের বিপক্ষে তাদের যে খেলা দেখলাম- সেটা থেকেই প্রমাণিত যে পাকিস্তানের ক্রিকেটার উঠে আসছে না। তাদের এই দিকে নজর দেওয়া উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত