যমজ দুই ভাইয়ের বিরুদ্ধে বন্ধুকে হত্যার অভিযোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ এএম

গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পর ১০-তলা ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে যমজ দুই ভাইয়ের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির আহম্মেদ (২০) কুমিল্লার নবাববাড়ি এলাকার মোশারফ হোসেন লিটনের ছেলে। সফিপুর এলাকায় তারা সপরিবারে বসবাস করতেন। অভিযুক্তরা হলেন যমজ দুই ভাই রাকিব ও সাকিব। তারা সফিপুর এলাকার ইউনিক টাওয়ারের বাসিন্দা আ. রহিম মিয়ার ছেলে। সাব্বির তাদের বন্ধু।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রাকিব ও সাকিব তাদের বন্ধু সাব্বিরকে নিয়ে ইউনিক টাওয়ারের ১০-তলার ছাদে আড্ডা দিতে যান। রাত ৮টার দিকে হঠাৎ করে ওই ভবন থেকে একজনকে নিচে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও একটি হাতের আঙুল কাটা দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ভবনের ছাদে আড্ডার একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে সাব্বিরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাকে ছাদ থেকে ফেলে দেন যমজ দুই ভাই। এ ঘটনার পর রাকিব ও সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মহিউদ্দিন আতিক বাদী হয়ে থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত