হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সেই পূজা নির্বিঘেœ করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আ ফ ম খালিদ হোসেন বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেছেন তারা পূজা কমিটি যদি চায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে দুর্গাপূজার আগে ২ থেকে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই ৪ কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেহেতু আমাদের লোক যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ করেন। যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য। ওপারের লোক যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য।
সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। দেশ জুড়ে ৩২ হাজার ৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এ ছাড়া ঢাকার দুই সিটিতে ২০৫টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে।
