বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানম-িতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগটি করেন ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজমিস্ত্রির সহকারী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২৮০ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরও একটি মামলা করা হয়েছে। এটি নিয়ে শুধু সাভার মডেল থানাতেই শেখ হাসিনার বিরুদ্ধে ১০টি হত্যা মামলা হলো। আর সারা দেশে হয়েছে প্রায় দেড়শ হত্যা মামলা।
শিক্ষার্থী ফারহান ফাইয়াজকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমার পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১২টি অভিযোগ দায়ের হলো।
ফারহান ফাইয়াজের হত্যার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাজধানী ধানম-ির ২৭ নম্বর সড়কের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের সঙ্গে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফাইয়াজও অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। বন্ধুরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
