আটকের পরদিন নিহত দুই ব্যক্তিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নেওয়ার পরদিন নিহত দুই ব্যক্তিসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান। 
 
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের বাড়িতে অস্ত্র আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এ সময় মোশারফ হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়। মোশারফের বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সাঘাটা থানার এসআই দীপক কুমার রায় বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। 
মামলায় আসামিরা হলেন- মৃত সোহরাব হোসেন ও শফিকুল ইসলাম। অপর তিন আসামি হলেন- চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, শাহাদত হোসেন ও রিয়াজুল ইসলাম। 
 
তবে মৃত ব্যক্তিকে আসামি করা প্রসঙ্গে মামলার বাদী দীপক কুমার রায় দাবি করেন, ওই দুই ব্যক্তি মারা যাওয়ার আগেই মঙ্গলবার সকালে আটককৃত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 
 
এদিকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শাহাদত হোসেনকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুইজনের মধ্যে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন রিয়াজুল ইসলাম (২৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
অপরদিকে নিহত দুই ব্যক্তির সোহরাব হোসেনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে পারিবারিক কবরস্থানে সোহরাবের দাফন সম্পন্ন হয়। এ ছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শফিকুল ইসলামের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত