ফেডারেশনে শুদ্ধি অভিযান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ এএম

আগের দিন ৪২টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের একযোগে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার সরানো হলো ১৩টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার কমিটিতে থাকা ১৬ জন সরকারি কর্মকর্তা, ক্রীড়া পরিষদের কোচ ও প্রকৌশলীদের। সরকারি কর্তাদের কমিটিতে জায়গা দিয়ে, বিদেশে আনন্দ সফর করিয়ে মূলত সরকারের কাছ থেকে নানা সুবিধা করে নিতেন ফেডারেশন কর্তারা।

ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা রশিদুজ্জামান সেরনিয়াবাত আরচারি, ভারোত্তোলন ও সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সম্প্রতি বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে বদলি করা এই কর্মকর্তাকে তিনটি ক্রীড়া ফেডারেশন থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে। শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান। এছাড়া সদস্য পদ থেকে ক্রীড়া জগতের সম্পাদক মাহমুদুল হোসেন খান দুলালকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ থেকে ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক শাহ আলম সরদারকে, বক্সিং ফেডারেশনের সহসভাপতি পদ থেকে ক্রীড়া পরিষদের সাবেক উপ-পরিচালক সৈয়দা তাসলিমা আক্তারকে এবং একই ফেডারেশনের সদস্যপদ থেকে কর্মচারী সেলিম মিয়াকে অব্যাহতি দেওয়া হয়। মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যপদ থেকে সাবেক উপ-পরিচালক আয়েশা বেগম এবং ক্রীড়া পরিষদের কোচ ও জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরুকে অব্যাহতি দিয়েছে। সাইক্লিং ফেডারেশনের সদস্যপদ থেকে ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (প্রশাসন) মাসুদুর রহমান ও ক্রীড়া পরিষদের কোচ সাহিদুর রহমান, উশু ফেডারেশনের সদস্যপদ থেকে সহকারী পরিচালক (প্রশাসন) নিয়াজুল হাসান খান, ভারোত্তোলন ফেডারেশনের কোষাধ্যক্ষ পদ থেকে কোচ ফারুক আহমেদ সরকার, আরচারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদকের পদ থেকে কোচ কামরুল ইসলাম কিরণকে অব্যাহতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত