জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মাদ সেলিম উদ্দিন বলেছেন, ‘এই দেশে পুরনো রাজনীতি আর চলবে না। মানুষকে সম্মান দিতে হবে। আপনার পকেট ভারী হবে আর ১৮ কোটি মানুষ কষ্ট করবে, তা হতে দেয়া হবে না।’ বৃহস্পতিবার দুপুরে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গেছেন। রাজনীতির নামে অভিনয় করে এই জাতিকে আর বোকা বানানোর সুযোগ দেয়া হবে না। আগামী দিনের রাজনীতি হবে মেধাবৃত্তিক জাতি গঠন করা।’
তিনি বলেন, ‘নতুন সরকার এলে দেশের নানা সমস্যা সমাধানে কাজ করবে। এটি হচ্ছে ছাত্র-জনতার বিপ্লবের সরকার। এ দেশের তরুণ প্রজন্ম ছাত্র-জনতা চমৎকারভাবে ট্রাফিক হিসেবেও যানজট নিরসনে কাজ করেছেন। হাসিনা বলেছিলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ালে ১ লাখ মানুষ মারা যাবে। কিন্তু সেটা হয়নি। আওয়ামী ফ্যাসিবাদী কিছুসংখ্যক পুলিশ বাহিনীর গুলিতে ছাত্র-জনতা নির্মমভাবে শহীদ হয়েছে। গুলিবর্ষণকারীদের বিচারের মুখোমুখি হতে হবে।’
উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, ফেনী জেলা আমির একেএম শামছুদ্দীন, সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, সদর উপজেলার সাবেক আমির অধ্যাপক হাবিব উল্যাহ বাহার, সোনাগাজী উপজেলা সেক্রেটারি মাস্টার বদরুদ্দোজা, পৌর আমির মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মুহাম্মদ মহসিন।
রাউজানের ক্ষমতাধর ‘সুলতানের’ পতন