বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় সমন্বয়কদের ১০ মিনিটের মধ্যে চলে যাওয়ার ঘোষণা দেওয়া হয় বলে জানা গেছে। কাউকে না জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা দাবি করে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে সরকারি আজিজুল হক কলেজে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনী ও পুলিশি পাহারার কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা এলাকা ত্যাগ করে।
খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী বিভাগীয় ছাত্র-নাগরিক মৈত্রী সফরের অংশ হিসেবে বগুড়ায় আসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, রাজশাহী জোনের ছাত্র-নাগরিক মৈত্রী সফরের প্রতিনিধি দলের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, মো. ইফতেখার আলম (আসাদ), আবদুল্লাহ আল মাহমুদ (মেহেদী), ফয়সাল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম স্বাধীন, ঐশিক মণ্ডল জয়, ইমাম হুসাইন ইমন। তারা বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজগড় গোরস্থানে বগুড়ার শহীদ সিয়াম শুভ ও শহীদ শিমুল মন্ডলের কবর জিয়ারত শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে ছাত্র-নাগরিকের সঙ্গে মতবিনিময় করার জন্য ক্যাম্পাসে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংগঠকরা। এসময় কলেজ ক্যাম্পাসে আগে থেকে উপস্থিত থাকা সহস্রাধিক শিক্ষার্থী মতবিনিময়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এতে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে সেনাবাহিনী ও জেলা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় শিক্ষার্থীরা সমন্বয়কদের ১০ মিনিটের মধ্যে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আহবান জানালে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারসহ অন্যান্যরা সেনাবাহিনী ও পুলিশি পাহারায় আজিজুল হক কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাকলাইন নামে একজন জানান, কলেজে মুক্তমঞ্চে ছাত্র-নাগরিকের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যা সাধারণ শিক্ষার্থীদের না জানিয়ে। আর সেখানে কোনো শিক্ষার্থীকে না জানিয়ে শুধু কতিপয় সংগঠক এ আয়োজন করেছে। আমরা ছাত্র আন্দোলনে ছিলাম। আমাদের বাদ দিয়ে, না জানিয়ে এমন আয়োজন আমরা মানি না। তাই তাদের কোনো মতবিনিময় করতে দেওয়া হবে না। বগুড়া কোনো প্রোগ্রাম হলে তাতে সমন্বয়ক নাহিদ, সারজিস আলম ও হাসনাত ছাড়া কারও সঙ্গে বসা হবে না।
মুক্তমঞ্চে ছাত্র নাগরিক মতবিনিময় সভার বিষয়ে বগুড়ার সংগঠক নিয়তি সরকার নিতু বলেন, কলেজে পূর্বঘোষিত মুক্তমঞ্চে ছাত্র-নাগরিকের সঙ্গে মতবিনিময় করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের একাংশ বাধা দেয়। পরে আমরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করি। ইতিমধ্যে কেন্দ্রীয় সমন্বয়করা ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন বলেও জানান তিনি।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, শিক্ষার্থীদের দুটি পক্ষ মুখোমুখি হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সেবা প্রার্থীদের সেবা প্রাপ্তি বিঘ্নিত, অডিটরদের দাপ্তরিক কার্যক্রমে ফেরার নির্দেশ
বিএনপির মাগুরা ও কুষ্টিয়া জেলা কমিটি বাতিল
লক্ষ্মীপুরে কৃষকদল নেতার অডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ