সিএনজিচালিত অটোরিকশা পার্কিং নিয়ে বিরোধের জেরে সিলেটে ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে নগরীর বন্দরবাজারে দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।
এসময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। পরে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরবাজার সিটি সুপার মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠা-নামা নিয়ে কয়েকদিন ধরে মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের দ্বন্দ্ব চলছিল। ব্যবসায়ীরা মার্কেটের সামনে যানজট এড়াতে এখানে অটোরিকশা পার্কিংয়ে নিষেধ করেন। কিন্তু চালকরা তা মানছিলেন না। বৃহস্পতিবার মার্কেটের সামনে একটি অটোরিকশায় দাঁড় করালে ব্যবসায়ীরা তা সরাতে বলেন। এ নিয়ে অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
অটোরিকশা চালকরা মার্কেটের ৫-৬টি দোকান ভাঙচুর করেন। এরপর ব্যবসায়ীরা বেপরোয়া হামলা চালিয়ে ২০-২৫টি অটোরিকশা ও প্রাইভেটকার ভাঙচুর করেন। উভয়পক্ষে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। বিকাল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শাহরিয়ার আলম জানান, অটোরিকশা পার্কিং নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
সংস্কার শেষ করে সরকার দ্রুত নির্বাচন দেবে, আশা মির্জা ফখরুলের
ইউএনও’র ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ