রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে না ফেরার হুঁশিয়ারি

ঢাবিতে বিক্ষোভ-সমাবেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা না হলে ক্লাসে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ তারিখ থেকে ক্লাস শুরু হবে। ১ জুলাই থেকে শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায়।

গতকাল শুক্রবার দুপুরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ক্যাম্পাস পলিটিক্স, নো মোর নো মোর’, ‘দলীয় রাজনীতির ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘হলে হলে খবর দে, ছাত্র রাজনীতির কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু সেই কথাটাই অনেকেই এখন ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছেন। যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ হলেই দখলদারিত্ব, লেজুড়বৃত্তি রাজনীতির রাস্তা বন্ধ হয় সেখানে ইনিয়ে বিনিয়ে কথা বলার মানে হয় না।

ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা বলেন, একই সঙ্গে কালক্ষেপণ না করে ছাত্র সংসদ চালু করতে হবে। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ না করা হলে তারা ২২ তারিখে ক্লাসে ফিরতে চান না।

তারা বলেন, হলগুলোতে গেস্টরুম, গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় শুধু রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদী স্বার্থ হাসিল করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের।

বিজয় একাত্তর হলের নাফিউর রহমান বলেন, ‘ক্যাম্পাস থেকে সব প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ করা আমাদের ন্যায়সংগত দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও শক্তিশালী হয়েছে। আমাদের ন্যায্য দাবি আমরাই আদায় করে নেব। আমরা কোনো ফ্যাসিবাদের জন্ম আর হতে দেব না। আমরা ক্যাম্পাসে বিরাজনীতিকরণের পক্ষে নই বরং গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের অভিভাবক নির্বাচন করার পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত