দিনাজপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন হামলার শিকার এক যুবক। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনাজপুর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন দিনাজপুর শহরের রাজবাটী এলাকার এবিএম সিদ্দিকের ছেলে ফাহিম ফয়সাল। 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন, জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ সুমন, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উপজেলা ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক ও ৪ নং শেখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামউল্লাহ জেমি, সহসভাপতি শেখ মো. শাহ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান জর্জিস সোহেল, শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকসেদ আলী রানা, আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, দিনাজপুর পৌরসভার সাবেক কমিশনার নওশাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজানসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় দিনাজপুর সদর হাসপাতালের সামনে আন্দোলনরতদের ওপরে বন্দুকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ সময় আসামি শাহ আলম, নওশাদ ইকবাল কলিংস, রমজান, সালেকীন রানা, আব্দুল্লাহ আল আমিন সৌরভ, জিল্লুরসহ তাদের হাতে থাকা পিস্তল-বন্দুক থেকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মামলার বাদী ফাহিম ফয়সালের মুখমণ্ডল, বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কোতয়ালী থানার উপ-পরিদর্শক নুর আলম মামলাটি তদন্ত করবেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত