টার্গেট করে গুলি চালানো সেই পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

গত ৫ আগস্ট ছাত্র-জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় টার্গেট করে গুলি চালানোর ঘটনায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে পর গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার নাম মো. সুজন হোসেন। তিনি এপিবিএন-১৩ উত্তরা পূর্বের কনস্টেবল পদমর্যাদায় কর্মরত ছিলেন। গত শুক্রবার এপিবিএনের পক্ষ থেকে ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। ডিবি পুলিশ তাকে শাহবাগ থানার করা ৯ নম্বর হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে শাহবাগ থানায় হস্তান্তর করার পর গতকাল শনিবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় গুলি চালানোর চাঞ্চল্যকর ভিডিও প্রচারের পর অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে শনাক্ত করে ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এপিবিএন কনস্টেবল সুজনকে প্রথমে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এরপর সরকারি বাহিনীতে কর্মরত কাউকে গ্রেপ্তার করতে গেলে যে প্রাতিষ্ঠানিকভাবে অনুমতি নিতে হয়, সেই প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটে। ওইদিন শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরও চানখারপুল এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালান ওই এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এতে মারা যান বেশ কয়েকজন। এ সময় তৎকালীন রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আখতার হোসেনকে পাশে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিতে দেখা যায়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই এলাকার আন্দোলন করা ছাত্র-জনতার ওপর নিশানা করে গুলি করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। কেউ শুয়ে, কেউ হাঁটু গেড়ে বসে গুলি ছুড়ছিলেন। এর মধ্যে একটি ফুটেজে এপিবিএন-১৩ সদস্য কনস্টেবল সুজন রয়েছেন। ওইসব ফুটেজ বিশ্লেষণ করেই সুজনকে শনাক্ত করা হয়।

এপিবিএন সদস্য সুজন শাহবাগ থানায় করা হত্যা মামলায় অভিযুক্ত। ওই মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। তিনি বলেন, ৫ আগস্টে গুলিতে হত্যার ঘটনায় করা মামলায় সুজন অভিযুক্ত। তাকে প্রথমে ডিবি পুলিশে সোপর্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে ডিবি পুলিশ শাহবাগ থানার ৯ নম্বর হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে থানায় হস্তান্তর করে।

শিক্ষার্থীদের ওপর গুলি চালানো রুবেল গ্রেপ্তার : রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে মুহুর্মুহু গুলি চালানো যুবলীগ ক্যাডার রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম জহিরুল হক রুবেল (৪১)। গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। তিনি সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত