ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও চারজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার রাতে এ ধসের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে জাকির কলোনিতে একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়ে। এতে করে আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল বাহিনী। পরবর্তীতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসে উদ্ধার অভিযান শুরু করে।
জেলাপ্রশাসক দীপক মীনা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভবনটিতে প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল, যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদের নয়জন মারা যায়। এখন পর্যন্ত চারজন ভবনের ধ্বংসস্তূপে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে একটি খামার ছিল। এতে করে ভবনের ধ্বংসস্তূপের দুই ডজনেরও বেশি মহিষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাড়িটি পুরনো হওয়ার কারণে বৃষ্টিতে ভেঙে পড়েছে। তবে শনিবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তার মধ্যেই উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।
